শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না : মির্জা ফখরুল

মাদক নির্মূলে যে পদক্ষেপগুলো নেয়া হচ্ছে তাতে সামাজিকভাবে সকলের ভূমিকা থাকলে ভালো ফল লাভ করা সম্ভব। এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, ‘আমরা জোরালোভাবে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে চাই এবং এটা ছাড়া আমার মতে বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও-এ যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন। মূল কাজ হচ্ছে প্রচার করা যে—মাদক খারাপ জিনিস।’

এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।