ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান, গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান, গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ১১ দলীয় ঐক্যের আয়োজনে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব ও লাইব্রেরি মাঠ থেকে একটি গণমিছিল বের হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে জনগণের অধিকার রক্ষা ও দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয় এবং জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে বক্তব্য রাখেন।

জুলাই শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা বলেন, ‘জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আগামীর পথচলায় শক্তি জোগাবে। যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, সেই প্রত্যাশা আজও বাস্তবায়ন হয়নি। প্রয়োজনে আবু সাঈদ-মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়নে আবারও রাজপথে নামা হবে।’

এ সময় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানানো হয়।