দেবীগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত, ট্রাকে আগুন

মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Panchagarh
মৃত পাপড়ি রানী
মৃত পাপড়ি রানী |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাপড়ি রানী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর ও আগুন দিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কের সোনাপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাপড়ি দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকলতলা এলাকার সেভেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপাতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে ট্রাকটি ভাঙচুর করে ও ট্রাকে আগুন দেয়। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রবীর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।