চরফ্যাসনে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

বিকেলে উক্ত প্রতারক চক্রটি প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় স্বর্ণ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগীরা তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং চারজনকে আটকে রেখে পুলিশে সংবাদ দেন।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
গ্রেফতার প্রতারকচক্র
গ্রেফতার প্রতারকচক্র |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাসনে জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুলারহাট থেকে গ্রেফতার করে তাদের জেল-হাজতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন— নুরাবাদের মরহুম আব্দুল লতিফের মেয়ে মোসা: রুমা (৩০), নাগর চৌকিদারের মেয়ে মোসা: মুক্তা (২৬), মরহুম আব্দুল লতিফ ফরাজীর ছেলে মো: স্বপন ফরাজী (৫০) এবং স্বপন ফরাজীর ছেলে মো: আলামিন (২৬)।

সংবাদ পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সে সময় তাদরে সাথে থাকা চার ভরি ১২ আনা বা ৫৫.৪৫ গ্রাম ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা, এক জোড়া স্বর্ণের ঝুমকা যার ওজন ১২ আনা ৩ রত্তি বা ৯.১৬ গ্রাম এবং নগদ ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা ও উদ্ধার করা হয়েছে বলে থানা সুত্র নিশ্চিত করেছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিন আলম চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে উক্ত প্রতারক চক্রটি প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় স্বর্ণ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগীরা তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং চারজনকে আটকে রেখে পুলিশে সংবাদ দেন।

ওসি আরো জানান, দুলারহাট থানাধীন নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ডের মকবুল মুন্সির বাড়ির ইয়ানুর বেগমের বসত ঘরে একই রকম প্রতারণার ঘটনা ঘটে। সে সময় এ প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন মহিলার সরলতার সুযোগ নিয়ে জ্বিন হাজিরের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখায়। তাদের এই ফাঁদে পা দিয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন। স্বর্ণ নেয়ার পর আসামিরা তখন গা ঢাকা দেন। পরবর্তীতে গতকাল আবার আসামিরা প্রতারণা করার জন্য আসলে তাদেরকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।