পিরোজপুর প্রতিনিধি ও নাজিরপুর সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির সময় স্থানীয়দের সাথে সংঘর্ষে এক ডাকাত নিহত হওয়ার পর ডাকাতদলের সর্দার আ: আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সরকেল) নাসরিন জাহান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
এর আগে, বুধবার দিবাগত রাতে মাদারীপুর শহর থেকে তথ্যপ্রযুক্তি ও র্যাব-৮-এর সহায়তায় তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ২টার দিকে নয়জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মালিককে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপি শুরু হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাতদলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের একজন আহত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।



