স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আলোচনা সভা

সভায় স্বাধীনতার ইতিহাস, সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আলোচনা সভা |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় স্বাধীনতার ইতিহাস, সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করীম রনি।

এছাড়া বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, ড. শহিদউজ্জামান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হান্নান মিয়া হান্নু, গাজী সালাউদ্দিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীনসহ অনেকে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জরুল করীম রনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার ষড়যন্ত্রের মুখে পড়েছে উল্লেখ করে বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা সবাই বাংলাদেশী—এটাই আমাদের মূল পরিচয়, আর মুক্তিযুদ্ধই আমাদের জাতির ভিত্তি।’

তিনি অভিযোগ করেন বলেন, ‘দীর্ঘ সময় ধরে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এখন সময়ের দাবি। প্রজন্ম থেকে প্রজন্ম যেন জানতে পারে কারা স্বাধীনতার পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল।’

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তার নেতৃত্বেই স্বাধীনতার ঘোষণা আসে। কিন্তু পরবর্তীকালে ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল, তারা দীর্ঘদিন দুঃশাসন ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করে আবার ভারতে পালিয়ে গেছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ এই চেতনা বুকে ধারণ করতে হবে।’

তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে দলের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে দল বা নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়।’

সভাপতির বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মো: শওকত হোসেন সরকার বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই স্বাধীনতার চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। দেশের স্বার্থে সবাইকে দলীয় বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।’