আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ : মাওলানা মনজুর রহমান

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের শাসনের বাংলাদেশ। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সাধারণ মানুষের অন্তর থেকে আমাদের মুছে দেয়া যাবে না।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
উপজেলার মেডিক্যাল মোড়ে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ
উপজেলার মেডিক্যাল মোড়ে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ |নয়া দিগন্ত

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের শাসনের বাংলাদেশ। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সাধারণ মানুষের অন্তর থেকে আমাদের মুছে দেয়া যাবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার মেডিক্যাল মোড়ে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, মাওলানা মনজুর রহমান একটি মিছিলের আয়োজন করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেডিক্যাল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।’

এ সময় মাওলানা মনজুর রহমান সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং প্রশাসন যেন পক্ষপাতদুষ্ট না হয়, সে অনুরোধ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একইসাথে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

গণসংযোগ ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। নারী ভোটারসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আগামী নির্বাচনে ইতিবাচক সাড়া দিচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন দলীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শামিম উদ্দিন, নায়েবে আমির ফজলুল বারী সোহরাব, দুর্গাপুর পৌরসভা জামায়াতের নেতা মাওলানা রফিকুল ইসলাম, ৫ নম্বর ঝালুকা ইউনিয়নের আমির আলিউল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আব্দুর রব হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।