চট্টগ্রামে আবুল খায়ের স্টিল কারখানায় ডাকাতির চেষ্টা মামলায় গ্রেফতার ৭

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
গ্রেফতারকৃতরা
গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একেএস স্টিল কারখানায় হামলার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি তিনজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতার আসামিরা হলেন- মো: জামাল (৩৮), রমজান আলী (২৮), মো: রনি (২০), মো: এছহাক (৪৮), আরশাদুর রহমান (২০), মো: আলাউদ্দিন (৪৮) ও মো: খোকন (৩০)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ওই কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় ডাকাতরা নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা পাঁচজনকে পিটিয়ে জখম করে। এছাড়া কারখানার ফটকে থাকা নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুর করে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে কারখানার কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রতিরোধের মুখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

ঘটনার পরদিন শুক্রবার কারখানার সিকিউরিটি শিফট ইনচার্জ মো: আলাউদ্দিন ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন।