শ্রীপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল নেতা

শ্রীপুরে প্রকাশ্যে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে একই দলের ছাত্রসংগঠন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম অস্বস্তি বিরাজ করছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল নেতা
শ্রীপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল নেতা |নয়া দিগন্ত

শ্রীপুরে প্রকাশ্যে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে একই দলের ছাত্রসংগঠন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম অস্বস্তি বিরাজ করছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা এলাকায় রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুর রহমানকে অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়।

এ ঘটনায় লোহাগাছ গ্রামের শরীফ শেখ ও সালাউদ্দিনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাইদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফ শেখের নেতৃত্বে একদল কর্মী সাইদুর রহমানের ওপর হামলা চালায়।

আহত সাইদুর রহমান উপজেলার বিন্দুবাড়ী গ্রামের আব্দুর রশীদের ছেলে।

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিন্দুবাড়ী এলাকায় একটি কাঁচিটান খেলাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। ওই খেলায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সাথে অভিযুক্তদের অসদাচরণকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরেই রোববার চৌরাস্তা এলাকায় একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এ বিষয়ে বলেন, ‘আমাদের একজন নেতাকে মারধর করা হয়েছে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখেছি, সাইদুর রহমানের কোনো দোষ নেই। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং প্রশাসনের সহযোগিতা নেয়া হবে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত শরীফ শেখের বক্তব্য জানা যায়নি।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’