কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় সোমবার

২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
নিহত শিশু তাবাচ্ছুম, (ডানে) আসামি আবু তাহের
নিহত শিশু তাবাচ্ছুম, (ডানে) আসামি আবু তাহের |নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।

রোববার (২১ জুন) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার (২২ জুন) বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক।

সরকারের বিশেষ নির্দেশনায় অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় আদালত, পুলিশ ও ধর্ষিতার পরিবার সন্তোষ প্রকাশ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় আসামি আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি যন্ত্রণায় চিৎকার করলে আবু তাহের নিজের লুঙ্গি দিয়ে তার মুখ ও নাক চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই দম আটকে মারা যায় তাবাচ্ছুম।

ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই শিশুটির লাশ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন আসামি আবু তাহের।

ঘটনার পর পরই অভিযুক্ত আবু তাহের পালিয়ে গেলেও পুলিশের সাঁড়াশি অভিযানে ওই দিন রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি আবু তাহের পুলিশের কাছে ও পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দ্রুততম সময়ে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার যুক্তিতর্ক শেষ হয়।

মামলার একমাত্র আসামি আবু তাহের একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং বাদেডিহি গ্রামে নিহত শিশু তাবাচ্ছুমদের বাড়ির পাশেই ভাড়া বাসায় থাকতেন।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর শিশুটির বাবা-মা বলেন, আমাদের একমাত্র কলিজার টুকরোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা খুনি আবু তাহেরের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চাই। যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আকিদুল ইসলাম বলেন, আমরা আদালতে আসামির বিরুদ্ধে অপরাধের সব তথ্য-প্রমাণ ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নিখুঁতভাবে উপস্থাপন করতে পেরেছি। আমরা আশাবাদী, সোমবার আদালতের রায়ে ভুক্তভোগী পরিবারটি সর্বোচ্চ ন্যায়বিচার পাবে।