রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে পৌঁছেছেন।
শুক্রবার (৮ মে) সকাল ৮টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দরে দুই মন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: শফিকুল হক মিলন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য শফিকুল হক মিলনের কাছ থেকে শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে মন্ত্রীরা সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মোৎসব ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে স্থানীয় সরকারমন্ত্রীর। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বিভিন্ন আয়োজন করা হবে।
সফরকালে স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন বলে জানা গেছে।
এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী আবার শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।



