ঝিনাইদহে রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

Location :

Jhenaidah

ঝিনাইদহ ও কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে একই কক্ষে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেসের বাজার করা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাউসার লিখনকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারকে আঘাত করে। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি হলে লিখনও আহত হয়।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখনকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।