বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দিনভর দাঁড়িপাল্লার গণসংযোগ

তিনি উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ ভোটারদের অনেকেই একটিবারের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস
নয়া দিগন্ত

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার দিনভর গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নামাজগড়, হাকিরমোড়, উপশহর, ওলির বাজার, ধরমপুর বারোপুর আন্ডারপাস এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপশহরে এক পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, আসন্ন উপ-নির্বাচনে দেশে সরকার পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু বগুড়ার উন্নয়ন, বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বগুড়ার মাদক সমস্যা, যানজট সমস্যাসহ সকল সমস্যা সমাধানের জন্য একজন সৎ, দক্ষ ও যোগ্য এমপি প্রয়োজন। যিনি নিজে দুর্নীতি, লুটপাট করবেন না এবং কাউকে করতেও দেবেন না। জামায়াতে ইসলামী দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত বগুড়া গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন উপ-নির্বাচনে জামায়াত বিজয়ী হলে একটি শান্তিময় বগুড়া উপহার দেয়া হবে।

তিনি উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ ভোটারদের অনেকেই একটিবারের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন, শহরের ১নং ওয়ার্ড আমির মাওলানা জামিলুল হক, ২নং ওয়ার্ড আমির ডা: আবু বক্কর সিদ্দিক, ৪নং ওয়ার্ড আমির আব্দুল কুদ্দুস, ১৭নং ওয়ার্ড আমির আব্দুর রউফ পারভেজ প্রমুখ।