হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই প্রবীণ আলেমের বিয়ের খবর স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম ও দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান স্থানীয় আলেম মাওলানা মাকবুল হাসানের মেয়ে।
সাজিদুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাঁচ বোনের মধ্যে আমাতুর রহমান সবার বড়। এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সামাজিক ও ধর্মীয় রীতি অনুসরণ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এর আগে, আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় তিনি নতুন সংসার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
সম্প্রতি তরুণ ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। সেই আলোচনার মধ্যেই প্রবীণ আলেম সাজিদুর রহমানের দ্বিতীয় বিয়ের খবর সামনে এলো।
বর্তমানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া-র প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্বে রয়েছেন।



