রাজশাহীর বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের বাঘা উপজেলা সদরে এক কিলোমিটার সড়ক সংস্কার ও ড্রেনের নির্মাণ কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানা গেছে, উপজেলা সদরের আমচত্বর থেকে শুরু করে বাঘা বাজারের পূর্বপাশ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার ও ড্রেনের নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ ও মানববন্ধন করছেন স্থানীয়রা। এরপরও সড়কটি দ্রুত সংস্কারে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহনের চাপে সৃষ্টি হয় যানজট। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। ফলে জনমনে দেখা দিয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ।
এলাকাবাসী জানান, এই সড়কের পাশেই রয়েছে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়, বাঘা পৌরসভা, বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহদৌলা সরকারি কলেজ ও বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কামিল মাদরাসা। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী আরো জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই ভোগান্তি আরো বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ঝুঁকির সম্মুখীন হতে হয়। বিভিন্ন স্থানে খানাখন্দে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে চলতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। এরপরও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
স্থানীয়দের দাবি, রাস্তাটির এমন করুণ পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট দফতরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়েছে। এরপরও সমাধান না হওয়ায় রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা বিভিন্ন সময় বিক্ষোভ ও মানববন্ধন করে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, বিদ্যালয়ে যেতে হলে এই সড়কটির বিকল্প কোনো রাস্তা নেই। সড়কটি দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বাস, ট্রাকসহ শতাধিক ভারী যানবাহন চলাচল করে। ফলে একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীদের কাদামাটি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়।
এলাকবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন বলেন, অতি দ্রুত সড়কটি সংস্কার ও ড্রেনের কাজ শেষ করা জরুরি। তিনি উপজেলা সমন্বয় কমিটির সভায় কাজগুলো দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বলেও উল্লেখ করেন।
বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও ড্রেনের কাজ শেষ করা দরকার। তিনি অবিলম্বে সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সড়ক ও জনপথ অধিদফতরের রাজশাহী উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নাফ বলেন, সড়কটির পাশ দিয়ে পল্লী বিদ্যুতের পুল স্থানান্তর ও অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ করতে জটিলতা ছাড়াও সড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। এজন্য সময় একটু বেশি লাগছে। তারপরও দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানেক নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ড্রেনেজ ব্যবস্থা ও সড়কটির টেকসই সংস্কার এবং মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয়া হয়েছে।



