মা ও ২ বোনকে নিয়ে জার্মানি যাওয়া হলো না তানিমের, সড়কে গেল প্রাণ

বিয়ানীবাজারের ১ নম্বর আলীনগর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার মহাসড়কের রামধাবাজার সংলগ্ন গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Golapganj

মা ও দুই বোনকে নিয়ে জার্মানি যাওয়া হলো না সিলেটের বিয়ানীবাজারে কাদিমলিক গ্রামের আবু তাহের তানিমের। ইফতার মাহফিলেও অংশগ্রহণ করতে পারলেন না তিনি। সকল স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ঘাতক ট্রাক।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে সিলেটের বিয়ানীবাজারের ১ নম্বর আলীনগর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার মহাসড়কের রামধাবাজার সংলগ্ন গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নানার বাড়ি বিয়ানীবাজারের শেওলা থেকে মোটরসাইকেলযোগে রামধাবাজার চৌমুহনীতে একটি ইফতার মাহফিলে আসার সময় উপজেলার আলীনগর ইউনিয়নের গাছতলা এলাকায় ট্রাক তানিম আহমদকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত আবু তাহের তানিম বিয়ানীবাজার উপজেলার কাদিমলিক গ্রামের বুরহান উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যায়।

সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানার আওতাধীন চারখাই পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা গেছে, তানিম, তার মা ও দুই বোন জার্মানির ভিসা পেয়েছেন। জার্মানে পাড়ি দেয়ার জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।