রমজানেও থামছে না খুন ও সহিংসতা

উখিয়ায় সেহরির সময় গৃহবধূ খুন, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলায় রমজান মাসেও থামছে না খুন, ধর্ষণ ও মাদকসংক্রান্ত অপরাধ। সর্বশেষ বুধবার (১১ মার্চ) ভোরে সেহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
উখিয়া থানা, কক্সবাজার
উখিয়া থানা, কক্সবাজার |নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রমজান মাসেও থামছে না খুন, ধর্ষণ ও মাদকসংক্রান্ত অপরাধ। সর্বশেষ বুধবার (১১ মার্চ) ভোরে সেহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এর কয়েকদিন আগেই পাশের এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। একই সময় ইয়াবা সংশ্লিষ্ট বিতর্কের জেরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের বদলির ঘটনাও আলোচনায় এসেছে। ধারাবাহিক এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় সেহরির সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রজিদা আক্তার (২৫)। তিনি পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং মোছারখোলা এলাকার শফিকের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় তার স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল হক বলেন, সেহরির সময় এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, উখিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকদিন আগে হলদিয়া পালং ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে গণধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেহরির সময় গৃহবধূ হত্যার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সম্প্রতি ইয়াবা সংশ্লিষ্ট এক ঘটনায় বিতর্কের জেরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদকে বদলি করা হয়েছে বলে স্থানীয় মহলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ প্রশাসন।

স্থানীয় সচেতন মহলের মতে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবার বিস্তার, এলাকায় অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়েছে। চুরি, ছিনতাই, হত্যা ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ রয়েছে।

তাদের মতে, পবিত্র রমজান মাসেও যখন এমন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অপরাধ দমনে কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সাম্প্রতিক ঘটনাগুলোকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে। তবে টানা কয়েকটি নৃশংস ঘটনার পর উখিয়াবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।