কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাত ৮টার দিকে সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে জরুরি ভিত্তিতে পাঁচ হাজার টাকা চেয়ে কল করেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
মো: আসাদুজ্জামান (২৪)
মো: আসাদুজ্জামান (২৪) |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালীতে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় মো: আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকালে মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের দাখিল মাদরাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর পাড় সংলগ্ন জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন।

নিহত আসাদুজ্জামান উপজেলার বিল মানুষমারি গ্রামের মো: শাহজাহান মণ্ডলের ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি বাবার সাথে কৃষিকাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাত ৮টার দিকে সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে জরুরি ভিত্তিতে পাঁচ হাজার টাকা চেয়ে কল করেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সকালে স্থানীয়রা নদীপাড় সংলগ্ন মাঠে তার লাশ দেখতে পান। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজন মো: হাফিজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে ছিলেন। এলাকায় তার কারো সাথে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাংশা সার্কেল সহকারী উপ-পরিদর্শক (এএসপি) দেবব্রত সরকার বলেন, ‘এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা। একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’