সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৩ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক সমাজ। কৃষকের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই বোরো সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সিন্ডিকেট কার্যক্রম বরদাশত করা হবে না।’
প্রকৃত কৃষক যেন সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করে সরকারের নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ‘কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সঠিক সময়ে তাদের ধানের মূল্য হাতে পান, তা নিশ্চিত করতে হবে। কৃষকের কষ্টের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘বিগত বছরগুলোতে কৃষকরা নানা ধরনের বঞ্চনা ও হয়রানির শিকার হয়েছেন। এখন সময় এসেছে কৃষকের অধিকার প্রতিষ্ঠার।’
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় তিন হাজার ২৮ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং চার হাজার ৩৭৭ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাওলানা রফিকুল ইসলাম খান খাদ্য গুদামের ধান গ্রহণ কার্যক্রম, ওজন যন্ত্র ও গুণগত মান পরীক্ষার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।



