সিলেটে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’ আটক

‘শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাসহ ২২টি মামলা রয়েছে। আটকের পর নারায়ণগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা ফোর্সসহ সিলেট আসছে। পরে তাদের হাতে রিয়াজকে তুলে দেয়া হবে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
‘শুটার রিয়াজ’ জনতার হাতে পাকড়াও
‘শুটার রিয়াজ’ জনতার হাতে পাকড়াও |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জনতার হাতে পাকড়াও হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও পুলিশের চেকপোস্টে একটি গাড়ি আটকানোর জন্য সিগন্যাল দেয়া হয়। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, খুনসহ প্রায় ২০টি মামলার আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছিল। সেসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাসহ ২২টি মামলা রয়েছে। আটকের পর নারায়ণগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা ফোর্সসহ সিলেট আসছে। পরে তাদের হাতে রিয়াজকে তুলে দেয়া হবে।’