লাকসামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা রাতেই লাশ নিয়ে লাকসামে ফিরে এসে সংশ্লিষ্ট হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam

কুমিল্লার লাকসাম উপজেলায় হাতের আঘাতের চিকিৎসা নিতে গিয়ে আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণেই তার মৃত্যু হয়েছে।

শিশুটি উপজেলার কেমতলী গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার সময় হাতে আঘাত পেলে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন এবং আনুমানিক ৩৫ হাজার টাকা ব্যয়ের কথা জানান। সন্তানের সুস্থতার আশায় পরিবার অপারেশনে সম্মতি দেয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরিবারের দাবি, দীর্ঘ সময় পর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত কুমিল্লায় নিতে হবে । পরে স্বজনরা তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির আগেই মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা রাতেই লাশ নিয়ে লাকসামে ফিরে এসে সংশ্লিষ্ট হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।