পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে এনটিইউ-২এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিকিমথ কোম্পানির ওওইউকেএস ভবনে ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে আনুমানিক ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার হাত-পা ভেঙে যাওয়ার পাশাপাশি ঘাড়ের মাংসপেশিতে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানির এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল খন্দকারের মৃত্যু হয়।
এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কর্মস্থলে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি পরে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



