জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে শনিবার (৬ ডিসেম্বর) আলিয়া মাদরাসা মাঠের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করায় সিলেটবাসীকে কৃতজ্ঞতা ও আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন ইসলামী ও সমমনা ৮ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। একইসাথে সমাবেশকে কেন্দ্র করে সাময়িক দুর্ভোগের সম্মুখীন হওয়ায় পথচারী ও নগরবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেন তারা।
রোববার (৭ ডিসেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে ৮ দলের নেতারা উপরোক্ত কথা বলেন।
যৌথ বিবৃতি প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ।
৮ দল নেতৃবৃন্দ বলেন, ৫ দফা দাবিতে শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করায় সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলিয়া মাঠ ও ট্রাফিক ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, সিলেট সিটি করপোরেশন, পিডিবিসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এজেন্সির প্রতি ধন্যবাদ। একই সাথে সমাবেশ ঘিরে নগরীতে যানজটসহ জনসাধারণের চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সকলের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করাসহ ৮ দল ঘোষিত ৫ দফা দাবিতে সমর্থন অব্যাহত রাখার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।



