নাটোরের লালপুরে নিন্মমানের গোশত বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ১ নম্বর লালপুর ইউনিয়নের লালপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, লালপুর বাজারের মো: বাবুল হোসেন কয়েক দিন ফ্রিজে রাখা গুণগত মান নষ্ট হওয়া গোশত বিক্রির অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ‘পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন-২০১১’-এর ১৭ ধারা ভঙ্গ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গুণগত মান নষ্ট হওয়া প্রায় সাত কেজি গরুর গোশত জব্দ ও বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল্লাহর তত্ত্বাবধানে সার্বিক কাজে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।



