বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কায় ৬০টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

রোববার (১ জুন) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
পর্যটনকেন্দ্র মিরিঞ্জা ভ্যালি
পর্যটনকেন্দ্র মিরিঞ্জা ভ্যালি

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ জুন) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেন।

এ সময় উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত সব পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মইন উদ্দিন জানান, টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। সেইসাথে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটনকেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘পর্যটকরা যাতে এই বৈরী আবহাওয়া ঝুঁকিপূর্ণভাবে পর্যটনকেন্দ্রগুলোতে যেতে ও রাত্রি যাপন করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।’

এদিকে টানা ভারী বর্ষণে আবারো বান্দরবানের সাঙ্গু মাতামুহুরী ও বকখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার সাত থেকে ১০ ফুট নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় বকখালী নদীর পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।