ফতুল্লায় জুটের গোডাউনে আগুন

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্ট সার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
আগুনে পুড়ে যাওয়া জুটের গোডাউন
আগুনে পুড়ে যাওয়া জুটের গোডাউন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে আগুন লেগে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের জুটের গুদামে এ আগুন লাগে।

খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রায় ১৫০ ফুট দীর্ঘ জুটের গুদামটি আগুনে পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্ট সার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনাতেও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় আশপাশের বাড়ির লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।