চুয়াডাঙ্গায় বাবার হাতেই শিশু অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিশু সিয়ামের বাবা তার এক সহযোগীকে সাথে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
উদ্ধারকৃত শিশু
উদ্ধারকৃত শিশু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে এক বাবা নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছেন। তবে পুলিশের অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো: আজিজুল (২৮) ও তার সহযোগী মো: আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিশু সিয়ামের বাবা তার এক সহযোগীকে সাথে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়া হয়।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম মাঠে নামে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের বাবা এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানকালে ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশের মাধ্যমে দেয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে সাত হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির মা বর্তমানে ভারতে প্রবাসে রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশে এ নৃশংস ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’