মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা
নেত্রকোণার মোহনগঞ্জের গজধার গ্রামে সরকারি রাস্তার ইট লুটপাট করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এডিপির অর্থায়নে নির্মিত প্রায় ১০০ ফুট রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, পার্শ্ববর্তী ধুলিয়া গ্রামের নুরুল আমিন আকন্দ প্রায় পাঁচ থেকে সাত হাজার ইট উত্তোলন করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে নুরুল আমিন শ্রমিক দিয়ে রাস্তার ইট তুলে নেন। কিছু ইট বিক্রি করা হলেও বেশিভাগ ইট তার বাড়িতে নিয়ে যান এবং কিছু রাস্তার পাশে ফেলে রেখে যান।
এ ঘটনায় জড়িত শ্রমিক কালা বর্মন জানান, তিনি, সুবোধ বর্মন, অনিল বর্মন, মায়ারানি ও সুনিতা বর্মন- প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দু’দিন কাজ করে ইটগুলো উত্তোলন করেন। তার ধারণা অনুযায়ী, তারা চার থেকে পাঁচ হাজার ইট উত্তোলন করেছেন।
তিনি আরো জানান, নুরুল আমিন ৩০০ ইট আলম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন।
গজধার গ্রামের সংরক্ষিত আসনের নারী সদস্য ফাতেমা আক্তার জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বিষয়টি জানার পর তিনি ফোনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।
ইট ক্রেতা আলম জানান, তিনি নুরুল আমিনের কাছ থেকে ৩০০ ইট ক্রয় করেছেন।
এদিকে অভিযুক্ত নুরুল আমিন ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, রাস্তার ইট বিক্রি করা তার ভুল হয়েছে। তিনি বিষয়টি চেয়ারম্যান ও স্থানীয়দের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



