দীর্ঘ চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় পুনরায় এ রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৪ মে) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরে ‘কুঞ্জলতা’ ফেরিও এ রুটে যুক্ত হবে।
জানা গেছে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর থেকেই নাব্যতা সঙ্কটের কারণে একাধিকবার ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্যতা সঙ্কটের কারণে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ছয়-সাত কিলোমিটার কমে আসবে।



