মাদারীপুর জেলা হাসপাতাল পরিদর্শনে এমপি, দিলেন কড়া হুঁশিয়ারি

‘সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সাথে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা প্রদান করতে হবে।’

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
হাসপাতাল পরিদর্শনে মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া
হাসপাতাল পরিদর্শনে মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া |নয়া দিগন্ত

মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার (৪ মার্চ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান এমপি জাহান্দার আলী। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলেন তিনি। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময়মতো উপস্থিত আছেন কি-না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি-না। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি-না তা খোঁজখবর নেন এমপি।

এ সময় এমপি জাহান্দার আলী কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সাথে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা প্রদান করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ হাসপাতাল পরিদর্শন করা হয়। সাধারণ মানুষ যেন সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়।’

এ সময় তিনি রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি-না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা সম্পর্কে জানতে চান। দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য।