৩ সন্তান নিয়ে অসহায় নোয়াখালীর বিধবা নারী ফাহামিদা

৩ সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন ফাহামিদা আক্তার। টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সন্তানদের লেখাপড়া।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ফাহামিদা আক্তার ও তার সন্তানরা
ফাহামিদা আক্তার ও তার সন্তানরা |নয়া দিগন্ত

৩ সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন নোয়াখালীর ফাহামিদা আক্তার নামে এক বিধবা নারী। টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সন্তানদের লেখাপড়া।

নোয়াখালীর বেগমগঞ্জের পশ্চিম একলাশপুর গ্রামের রুহুল আমিনের ছেলে পত্রিকা হকার বাহার উল্লার সাথে পূর্ব একলাশপুর গ্রামের সফি উল্লার মেয়ে ফাহামিদা আক্তারের বিয়ে হয় ২০০৭ সালে। তাদের তিন সন্তান রয়েছে। প্রথম সন্তান জাহিদ হোসেন (১৭) মাইজদী অরুন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র, মিথিলা আক্তার (১৪) স্থানীয় গাবুয়া রিয়াজুল জান্না মাদরাসায় পড়ে এবং তানবির (৯) স্থানীয় নুরানী মাদরাসায় পড়ে।

বাহার উল্লারা তিন ভাই। তিন শতাংশের ভিটেঘর ছাড়া আর কিছু নেই তাদের। এরই মাঝে বাহার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ৪ মে ইন্তেকাল করেন। মৃত্যুর পর স্থানীয় সাংবাদিকরা কিছু টাকা উঠিয়ে একটি বেসরকারি ব্যাংকে ডিপোজিট রাখেন। সেখান থেকে প্রতিমাসে এক হাজার চার টাকা লাভ পায়। এ টাকা দিয়ে দু’বেলা দুই মুঠো ভাত খাওয়া কষ্টের ব্যাপার। তিন সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন বিধবা এ নারী।

কোথায় থেকে সন্তানদের লেখাপড়ার খরচ জোগাড় করবেন? টাকার অভাবে বন্ধ হয়ে যায় জাহিদের লেখাপড়া। বর্তমানে মিথিলার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানান ফাহামিদা। তিনি ও তার সন্তানরা তাকিয়ে আছেন দেশের বিত্তবানদের দিকে। অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসবেন কি?

সাহায্য পাঠানোর মাধ্যম- বিকাশ নম্বর : ০১৭৫১৭৪৩৪৪১