গাজীপুরে অজ্ঞাত গাড়ির সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বকুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই পরিবারের আরো দু’জন।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে মহানগরীর কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত বকুল মিয়া নীলফামারীর ডোমর থানার বসুনিয়া পাড়া এলাকার মরহুম তারাজ উদ্দিনের ছেলে।
জিএমপির কোনাবাড়ি থানার এসআই পাপন হোসেন জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন জরুন এলাকার ভাড়া বাসায় থাকতেন বকুল। শনিবার ভোরে সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে জয়দেবপুর চৌরাস্তা থেকে স্বপরিবারে জরুন এলাকার বাসায় ফিরছিলেন তিনি। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বকুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার পরিবারের অপর দু’জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ি পপুলার হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



