হাওরের কৃষক, বর্গাচাষী ও মৎস্যজীবীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে হাওর রক্ষা আন্দোলনের আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষকরা দাবি করেন, চলতি বোরো মৌসুমে হাওরে জলাবদ্ধতার কারণে কৃষক ও মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ব্যাংক ঋণ ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ার কারণে এই ঋণ পরিশোধ করা দুর্বিসহ হয়ে উঠেছে। এ কারণে কৃষি ঋণ মওকুফ করতে হবে বলে দাবি করেন তারা।
কাওয়াদিঘি হাওরের পানি নিষ্কাশনে কাশিমপুর পাম্প হাউস সময়মতো কাজ করেনি বলেও অভিযোগ কৃষকদের। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কয়েকটি বহুজাতিক কোম্পানি হাওরে শিল্পায়ন করতে চাচ্ছে। এতে হাওরের জীব-প্রকৃতি ধ্বংস হবে মলে মত তাদের।
এ সময় বিকল পাম্পগুলো পরিবর্তন করে নতুন পাম্প স্থাপন করা জরুরি বলে আন্দোলনকারীরা মত প্রকাশ করেন। এছাড়া হাওরে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের স্বচ্ছ তালিকা প্রকাশ করার দাবি জানান বক্তারা।
হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রনজিৎ দেবনাথ, সৈয়দ কামাল আহমদ বাবু, মো: আলমগীর হোসেন, মো: খায়রুল ইসলাম, শাহীন ইকবাল, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সোনা মিয়া, শিপন মিয়া ও দেওয়ান মুনাকিব চৌধুরীসহ হাওর পাড়ের কৃষক নেতেরা।



