মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ববিতা আক্তার একই গ্রামের শরীফ শিকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ, স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের পদ্মা নদীতে কাপড় ধোয়ার জন্য যান ববিতা। কাপড় ধোয়া শেষে তিনি নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে যান। অনেকক্ষণ তাকে ঘাটে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে ভাসতে দেখা যায় তাকে।
পরে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর চাচা শ্বশুর আজিজ শিকদার জানান, তার ভাতিজার স্ত্রী ববিতা মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
বিকেলে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



