কমলগঞ্জে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ীরা।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
কমলগঞ্জে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
কমলগঞ্জে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ীরা। এসময় হামলার ঘটনায় অভিযুক্ত স্থানীয় সন্ত্রাসী ছোট মনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার মুন্সীবাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী হিমেলের সভাপতিত্বে ও সদস্য মো: ইলিয়াছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়ী নেতার ওপর এমন বর্বরোচিত হামলা মেনে নেয়া যায় না। অবিলম্বে মূলহোতা ছোট মনিসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাসহুদ আহমেদ, ব্যবসায়ী রুমেল আহমদ তরফদার, নিজাম উদ্দিন, মঈন উদ্দিন আহমেদ, শহীদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম, সত্যেন্দ্র কুমার পাল নান্টুসহ কয়েকশ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।