গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও উপজেলার প্রতিটি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের উপজেলার সর্ববৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয় উপজেলার মহিমাগঞ্জের ঐতিহ্যবাহী গুলিয়ার মাঠে। এখানে অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
এখানে নামাজের ইমামতি করেন গোবিন্দগঞ্জ আসনের এমপি শামীম কায়ছার লিংকন। এ ঈদগাহ মাঠে গোবিন্দগঞ্জ উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা থেকে বহু মুসল্লী নামাজ পড়তে আসেন।
গুলিয়ার মাঠ ছাড়াও শোলাগাড়ী ঈদগাহ মাঠ,মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠ,পান্থাপাড়া ঈদগাহ মাঠ,গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় বন্দর ঈদগাহ মাঠ আয়েজাবাদ ফাজিল ঈদগাহ মাঠে প্রধান প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
তবে কুঠিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির পানি জমে থাকায় গোবিন্দগঞ্জ মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির ডা: আব্দুর রহিম সরকার তার নিজ গ্রাম বড়দহ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি মাঠে নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী গুলিয়ার ঈদগাহ মাঠে খুৎবা ও নামাজ পড়ান শামীম কায়ছার লিংকন এমপি।



