ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রতারণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাজার রোডের মেসার্স রোকন ট্রেডার্স অ্যান্ড মেশিনারিজে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রতারণা
ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রতারণা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাজার রোডের মেসার্স রোকন ট্রেডার্স অ্যান্ড মেশিনারিজে এ ঘটনা ঘটে। এসময় প্রতারক ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

মেসার্স রোকন ট্রেডার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী খয়রাত হোসেন নান্নু বলেন, দুপুরের দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে একজন কাস্টমার আসে। ওই কাস্টমারের চেহারা কিছুটা বিদেশীদের মতো। কাস্টমারটি ইংরেজিতে কথা বলে। সে একটি গাম নেয়। দাম পরিশোধ করতে হাজার টাকার নোট দেয়। তার সাথে একটি ছোট ছেলে ছিল। সেই ছেলেটি ব্যবসা প্রতিষ্ঠানের অন্য কর্মচারীদের এটা-ওটা জিজ্ঞাসা করে ব্যস্ত রাখে। গামের দাম রেখে বাকি টাকা ফেরত দেয়ার জন্য টেবিলের ড্রয়ার খুলি। এসময় ওই কাস্টমার ইংরেজিতে বিভিন্ন কথাবার্তা বলে। তখন কি যেন হয়ে যায়। কয়েক মিনিট কিছুই বুঝতে পারি নাই। কয়েক মিনিট পর বুঝতে পারি সে ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। আশপাশে খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। তবে পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায় মাথায় টুপি ও মুখে মাস্ক পরিহিত ওই ব্যক্তির ছবি ধারণ হয়েছে।

মেসার্স রোকন ট্রেডার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারীর ছেলে রোকনুজ্জামান রোকন বলেন, ঘটনাটি যখন ঘটে তখন আট থেকে দশ মিনিট আমার বাবার সেন্স ছিল না। সেই সুযোগে প্রতারক ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রতিষ্ঠানের কর্মচারী রাজু আহম্মেদ বলেন, আমরা দোকানেই ছিলাম। প্রতারক দোকান মালিকের খুব কাছাকাছি দাড়িয়ে ছিল। আমরা কিছু বোঝার আগেই প্রতারক দ্রুত একটি চলন্ত অটোরিকশায় উঠে পালিয়ে যায়।

প্রতারণার শিকার হওয়া খয়রাত হোসেন নান্নু আরো বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে। অন্য ব্যবসায়ীদের তিনি সতর্ক হওয়ার আহ্বান জানান।

ভূরুঙ্গামারী থানার সাময়িক দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর আহসান হাবিব বলেন, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।