গাজীপুরের টঙ্গীতে পুকুরে গোসল করতে নেমে আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদরাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও একই মাদরাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মারা যায়। ওই ঘটনার পর পুকুরের গভীরতা কমাতে বালু ফেলা হয় এবং প্রায় দুই বছর পুকুরে গোসল নিষিদ্ধ রাখা হয়েছিল।
মাদরাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর বাবা মৃত। খবর পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।



