গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেয়ার অপরাধে মন্ত্রী দু’জনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।
জানা গেছে, পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত এক রোগীর সাথে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেনের দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। রোগী মন্ত্রীকে জানান, এক হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে কিনে এনেছেন।
পরে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতাল থেকে কেন সরবরাহ করা হয় না। এ প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে না পারলে মন্ত্রী সংশ্লিষ্ট দু’জনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
এদিকে কুকুরে কামড়ানো আহত নারী জানান, সকালে কুকুর তাকে কামড় দেয়। এজন্য তিনি ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এ সময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই, বাইরে থেকে কিনে আনতে হবে। পরে আহতের স্বজনরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন। এ কথা জানার পর মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক সঙ্কটসহ নানা সমস্যা সমাধানে তাৎক্ষণিক সমাধান দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাসুদুর রহমান আকন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।



