বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কা শিশু নিহত

নাটোরের বাগাতিপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুন (৬) নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
আয়েশা খাতুন (৬)
আয়েশা খাতুন (৬) |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় ইজিবাইকের ধাক্কায় আয়েশা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিগরী আজগোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা উপজেলার তামালতলা ইকরা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো স্কুলভ্যানে করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে পৌঁছালে ভ্যানচালক তাকে রাস্তার বিপরীত পাশে নামিয়ে দেয়। এরপর আয়েশা দ্রুত রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘বাচ্চাটির রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পরে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’