ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইক যাত্রী এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ছুটিতে তিনি দেশে আসেন।
পুলিশ জানায়, ঘটনার সময় শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথে তাকে বহনকারী ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌঁছলে মাটিবাহী একটি দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরো একজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা: উমা ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান বলেন, এখনো কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



