গলাচিপায় কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় অপরিপক্ক এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাশঁবুনিয়া গ্রামে বাদুরা বাজার সংলগ্ন এলাকার আকন বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার-সংলগ্ন স্থানে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা কার্টনটি খুলে ভেতর পলিথিনে মোড়ানো একটি অপরিপক্ব নবজাতকের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটানোর পর নবজাতকের লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাদুরা এলাকা থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



