পিরোজপুরের কাউখালীতে ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় ১৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ওয়াইফাই লাইন সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ও বক্সসহ ভোট গ্রহণ কর্মকর্তারা পৌঁছেছেন।
ভোটকেন্দ্রে কোনো প্রকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে, এজন্য আইনশৃঙ্খলা ও যৌথবাহিনী বিশেষ নজরদারি করছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটার এলাকা নিরাপত্তাহীনতায় ভুগলেও যৌথবাহিনীর সদস্যরা তাদের বিশেষ নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘এ উপজেলায় নির্বাচনে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই।’
এছাড়া বুধবার বেলা ১১টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে নির্বাচন উপলক্ষে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং হয়েছে।
মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচনকালীন কাউখালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রাশাদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন।
অনুষ্ঠানের সঞ্চালনার করেন কাউখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শুভাশীষ চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: রমজান আলী ও খাদিজা আফরোজ ঝুমা।



