পিরোজপুরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি দেশবিরোধী চক্র দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
তিনি বলেন, ‘শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য বহনকারী পিরোজপুরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।’
সোমবার (১ জুন) এক বিবৃতিতে পিরোজপুর পৌর মহাশ্মশান ঘাটে সঙ্ঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও অর্থ চুরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মাসুদ সাঈদী দাবি করেন, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; বরং পিরোজপুরকে অশান্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ।
বিবৃতিতে মাসুদ সাঈদী উল্লেখ করেন, সম্প্রতি শংকরপাশা ইউনিয়নে এক সাবেক জনপ্রতিনিধির ওপর হামলা, পাড়েরহাট মৎস্য বন্দরে হামলা ও লুটপাট, ব্যবসায়ী অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া, মাদক বিস্তার ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ভূমিকার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে একটি মহল পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। একইসাথে তিনি বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করেন।
বিবৃতিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
তিনি বলেন, ‘আমরা এমন একটি পিরোজপুর গড়ে তুলতে চাই, যেখানে কোনো মুসলমানকে তার মসজিদ পাহারা দিতে হবে না, আবার কোনো হিন্দুকেও তার মন্দির বা উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান নিরাপত্তা, মর্যাদা ও সম্প্রীতির পরিবেশে বসবাস করবে।’
তিনি আরো বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানই হবে পিরোজপুরের পরিচয়। কোনো অপশক্তির অপচেষ্টা জেলার সুনাম নষ্ট করতে পারবে না।’



