লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১১ জন নারী ও শিশুকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ মে) রাত ১২টার দিকে উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে তাদের পুশ-ইন করানো হয়।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বুধবার (২১ মে) রাত ১২টার দিকে উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে বেশকিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখেন তারা, একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করেন।
আটককৃত নারীদের বক্তব্য অনুযায়ী, তাদের ৪০ থেকে ৫০ জনের একটি দলকে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে, পরে বিজিবিকে খবর দেয়া হলে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন ভারতীয় নাগরিক পুশ-ইন করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। ওই ১১ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে বিজিবি ও পুলিশ কাজ করছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



