ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ানের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবাজারে ইউনিয়ন তথ্য সেবা অফিসের সামনে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান কবিরের সহযোগী আবুল কালাম, ফারুক, মিজান, মনিরসহ বিএনপির ১০/১২ জন কর্মী মাওলানা আবু সুফিয়ানের ওপর হামলা করে। লাঠি দিয়ে দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয় জামায়াতের রুকন হাফেজ ওয়াহিদুর রহমান তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পেটানো হয়। পরে স্থানীয়রা মাওলানা আবু সুফিয়ানকে উদ্ধার করে মনপুরা উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় জানান, মাওলানা আবু সুফিয়ান একজন ভদ্র, বিনয়ী ও পরোপকারী মানুষ। তার ওপর এমন ন্যক্কারজনক হামলা গ্রহণযোগ্য নয়। তারা এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
হাসপাতালে ভর্তি আহত মাওলানা আবু সুফিয়ান জানান, স্থানীয় বিএনপি নেতা মরহুম আলি মিয়ার ছেলে মিজানুর রহমান কবির দীর্ঘ দিন ধরে তাকে জামায়াত ত্যাগ ও দাঁড়িপাল্লার পক্ষে প্রচার না চালাতে হুমকি দিয়ে আসছিল। তার কথা না মানায় আজ আমার ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা করে।
তিনি আরো জানান, হামলাকারী বিএনপি কর্মী আবুল কালাম, ফারুক, মিজান, মনিরকে তিনি আগেই চিনতেন। বাকি সাত-আটজন বিএনপি করলেও তাদের নাম জানেন না তিনি।
আবু সুফিয়ান আরো জানান, তিনি রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা ও এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।
এদিকে, খবর পেয়ে জামায়াতের মনপুরা থানা আমির মাওলানা জসীম উদ্দিন মনপুরা উপজেলা হাসপাতালে ছুটে যান।
তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। তারা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় মানুষের ওপর আক্রমণ করছে। যা দেশের আইনে বড় অপরাধ।
মনপুরা থানা জামায়াতের আমির আরো জানান, নির্বাচনের পর মনপুরার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে জামায়াতের ১০ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে।
তিনি মনপুরা-চরফ্যাশন তথা ভোলা-৪ আসনের বিএনপির সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ানের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে মনপুরা থানার ওসি জানান, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। মনপুরা থানা জামায়াতের আমির তাকে ফোন দিয়ে থানায় আসবেন বলেও জানিয়েছেন তিনি।



