মুন্সিগঞ্জ পৌর এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে মো: আরিফ বেপারী (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) সকাল ৮টার দিকে পৌরসভার জসিমনগর এলাকার একটি ঘাসের জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফ বেপারী পৌরসভার পাঁচঘরিয়া এলাকার প্রয়াত মতিন বেপারীর ছেলে। তিনি মুন্সিরহাট বাজারে কসাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন এবং জসিমনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন নারী বাড়ির পাশের একটি ঘাসের জমিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। কাছে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় আরিফের লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আরিফের ছোট ভাই আকাশ বেপারীর পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ব্যবসায়িক লেনদেনের সূত্রে এক ব্যক্তির কাছে আকাশের ৪৯ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন আরিফ ও তার ভাইকে হত্যার হুমকি দিয়েছিল বলেও দাবি করেন স্বজনরা।
আকাশ বেপারী বলেন, শনিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তাকে খুঁজে বেড়ায় এবং হামলার চেষ্টা করে। তিনি পালিয়ে আত্মরক্ষা করেন। পরদিন সকালে তার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’



