শাল্লার পল্লীতে ব্রিটিশ আমলের লোহার পিলার (ম্যাগনেট) উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিভৃত পল্লী থেকে ব্রিটিশ আমলের (১৮১৮ সালের) লোহার পিলার (ম্যাগনেট) উদ্ধার করা হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
শাল্লার পল্লীতে ব্রিটিশ আমলের লোহার পিলার (ম্যাগনেট) উদ্ধার
শাল্লার পল্লীতে ব্রিটিশ আমলের লোহার পিলার (ম্যাগনেট) উদ্ধার |নয়া দিগন্ত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিভৃত পল্লী থেকে ব্রিটিশ আমলের (১৮১৮ সালের) লোহার পিলার (ম্যাগনেট) উদ্ধার করা হয়েছে।

উপজেলায় ইস্ট ইন্ডিয়া ১৮১৮ নামাঙ্কিত খোদাই করা একটি প্রাচীন ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার (৫০) বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১১টায় দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন স্থানীয় কিছু যুবক। এ সময় মাদক খোঁজাখুঁজি করতে গিয়ে তার বাড়িতে ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু পাওয়া যায়। পিলারের একদিকে দুটি তার রয়েছে এবং পিলারের গায়ে ইংরেজিতে খোদাই করা লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। এই বস্তুটি রাতেই উদ্ধার করে গ্রামের এক ঘরে হেফাজতে রাখা হয়। পরে রাত বেশি হওয়ায় পরদিন রোববার (২৬ জুলাই) সকালে শাল্লা থানা পুলিশকে জানানো হলে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুরে হেফাজতে রাখা লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শওকত আলী তিন ফুট উচ্চতার ব্রিটিশ আমলের একটি লোহার পিলার উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, রূপ মিয়াকে ঘটনার সময় বাড়িতে পাওয়া যায়নি। এই বস্তুটা বিশেষজ্ঞ দিয়ে যাচাই-বাছাই করা হবে। তবে এই ঘটনায় রূপ মিয়াকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।