সিলেটে আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে অভিযুক্ত বিএনপির পদ হারানো নেতা সাহাব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার সিলেট জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো: জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার নথি আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমুলি আদালত ৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল ৪৩১ ধারা দণ্ডবিধিতে সাহাব উদ্দিনকে জেলে পাঠানোর আদেশ দেন। এ সময় পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। তবে রিমান্ড শুনানির দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এর আগে, রোববার বিকেলে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এছাড়াও গত শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সাদাপাথর লুট মামলার পাশাপাশি আরও সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দফকর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে জানানো হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।’



