ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলায় ১০টি ও আত্রাইয়ে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার এক লাখ ৭১ হাজার ৬১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।
এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির প্রার্থী (ধানের শীষ) শেখ মো: রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মো: খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) মো: রফিকুল ইসলাম ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি) আতিকুর রহমান রতন মোল্লা।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্নে করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম বলেন, এই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে আমলে নেয়া হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



